আজকে গায়ে হলুদ আর আগামীকাল বিয়ের দিন নির্ধারিত ছিল। আনন্দঘন এমন সময়ের মধ্যেই সড়ক দুর্ঘটনায় জুলফিকার আলি জিল্লু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২২ মার্চ) সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিল্লু পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের আনছারুলের ছেলে। আজ তার গায়ে হলুদ এবং আগামীকাল তার বিয়ে হবার কথা ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার দিকে জিল্লু নিজের গাড়ি চালিয়ে বনপাড়ায় তার বোনের বাড়ি যাচ্ছিলেন। সেখানে থাকা বোন ও দুলাভাইকে বিয়ের অনুষ্ঠানে আনতে যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাড়িটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা লেগে পাশে থাকা একটি ট্রাকের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।