২০২৭ সালের ইসলামি ধর্মীয় উৎসব ও গুরুত্বপূর্ণ দিবসগুলোর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। দেশটির সংবাদ সংস্থা কাজইনফর্ম এ তথ্য জানিয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হবে রমজান মাস। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ৯ মার্চ উদযাপিত হবে ঈদুল ফিতর। রমজানের অন্যতম পবিত্র রাত শবে কদর পালিত হবে ৫ মার্চ দিবাগত রাতে, অর্থাৎ ৫ ও ৬ মার্চের মধ্যবর্তী রাতে।
এ ছাড়া ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিন ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগের দিন, ১৫ মে পালিত হবে পবিত্র আরাফাতের দিন।
ঘোষিত সূচিতে ইসলামি বর্ষপঞ্জির অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসের তারিখও উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী, ৪ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ পালিত হবে। শবে বরাত পালিত হবে ২২ জানুয়ারি দিবাগত রাতে।
এ ছাড়া ১৫ জুন পবিত্র আশুরা এবং ১৪ ও ১৫ আগস্টের মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। ২০২৭ সালের ২৪ ও ২৫ ডিসেম্বরের মধ্যবর্তী রাতেও শবে মেরাজের আরেকটি তারিখ উল্লেখ করা হয়েছে।
কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন জানিয়েছে, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় উৎসব ও দিবসগুলোর তারিখ একদিন এদিক-সেদিক হতে পারে।