ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশুসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন—রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখি গ্রামের অসিম উদ্দিন ব্যাপারী বাড়ির বাসিন্দা মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মেহের আফরোজ সুমী (৩০), তাদের কন্যা মোহনা (১৩) ও সুবাহ (শিশু)। এ ঘটনায় পরিবারের আরো এক কন্যা ফাইজা আক্তার (১১) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিহতদের পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
একই দুর্ঘটনায় গাড়িচালক, হোসেন মোহাম্মদ জিলানী ওরফে বাবর (৩০) নিহত হন। তিনি রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের বিষ্ণপুরের আবুল হোসেন পাটোয়ারী খোকার ছেলে।
স্থানীয় সময় রোববার ভোর আনুমানিক ৩টার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা) আবহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনায় নিহতদের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত মিজানুর রহমানের বড় ভাই ও স্থানীয় টিউরী বাজারের ব্যবসায়ী বাহারুল আলম জানান, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। গত ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশে বের হন। রোববার ভোরে ওমরাহ শেষে বাসায় ফেরার পথে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। মরদেহ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত হলে পুলিশ সার্বিক সহযোগিতা করবে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।