পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় ২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মো. সজিব (২৬)। গত রোববার সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি।
নিহত সজিব ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন। সেখানে কর্মরত আল আমিন নামের এক বাংলাদেশী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালে সৌদি আরবে যান সজিব। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে সেখানে কাজ করছিলেন তিনি। ৪ অক্টোবর সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় সজিব ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে পরিবারকে জানান তার বন্ধু আল আমিন।
সজিবের মৃত্যুর সংবাদ পেয়ে স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ছড়িয়ে পড়ে। একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবার। তার এই আকস্মিক বিয়োগে পুরো গ্রামে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, পরিবারের ভবিষ্যৎ সুন্দর করার স্বপ্ন নিয়েই বিদেশে পাড়ি জমিয়েছিলেন সজিব। প্রবাসে কর্মরত অবস্থায় তার এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম বণিক বার্তাকে জানান, নিহত প্রবাসী সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।
নিহতের চাচা আবুল কাশেম জানান, সজিবের মরদেহ দেশে এনে পারিবারিকভাবে দাফনের উদ্যোগ নিতে তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান।