হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি নিহত ৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার জাগলার চরে সামছুদ্দিন ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সামছুদ্দিন, তার ছেলে মোবারক হোসেন, ২ নম্বর ওয়ার্ডের জুম্মা, আলাউদ্দিন মাঝি এবং হাতিয়ার রামচরণের আলাউদ্দিন। তাদের মধ্যে আলাউদ্দিনের মরদেহ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাও পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরো একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাগলার চরে কয়েকশ ভূমিহীন পরিবার বসবাস করছে। চরের অর্ধেক জমি খাস এবং অর্ধেক ব্যক্তিমালিকানা বা বয়ার সম্পত্তি। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে হাতিয়ার হরণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুশফিক ও ফরিদ কমান্ডারের (মেম্বার) নেতৃত্বে চরের জমি দখল করে প্রতি একর ২২-২৫ হাজার টাকায় ভূমিহীনদের কাছে বিক্রি করেন সামছুদ্দিন। তবে জমি বিক্রির টাকা মুশফিক ও ফরিদ কমান্ডারকে দিচ্ছিলেন না তিনি। এর জের ধরে আলাউদ্দিন, কামাল ও নিজাম মেম্বারের নেতৃত্বে ২০-২৫ জন অস্ত্রধারী চর দখলে যান। একপর্যায়ে চরে থাকা সামছুদ্দিনের লোকজনের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। এতে আলাউদ্দিনসহ উভয় পক্ষের কয়েকজন গুলিবিদ্ধ হন। একসময় সামছুদ্দিনের লোকজন পালিয়ে যায়। এ সময় আলাউদ্দিনকে গুলি করেন সামছুদ্দিন। পরে আলাউদ্দিনের লোকজন সামছুদ্দিন, তার ছেলে মোবারক, কর্মী জুম্মাসহ কয়েকজনকে গুলি করে। পরে তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এদের মধ্যে সামছুদ্দিন, তার ছেলে মোবারক, কর্মী জুম্মা, আলাউদ্দিন মাঝিসহ পাঁচজন নিহত হয়। বিকালে আলাউদ্দিনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর অভিযোগ, চরে আধিপত্য বিস্তার ও চর দখলে নিয়ে আলাউদ্দিন ও সামছু বাহিনীর মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে উভয় পক্ষের লোকজন জাগলার চরে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, চর দখল নিয়ে গুলির ঘটনায় আলাউদ্দিন বাহিনীর গুলিতে চারজন ও প্রতিপক্ষের গুলিতে আলাউদ্দিন নিহত হয়েছেন।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, বেলা ২টার দিকে আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে হাতিয়া থেকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এ বিষয়ে হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় তারা বিকালে সেখানে যান। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কোস্টগার্ড নদীতে অভিযান চালাচ্ছে। সামছুদ্দিন ও আলাউদ্দিনসহ পাঁচজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

আরও