লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুর রহিম নামে এক পথচারী গুলিবিদ্ধ ও আরেকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আফজাল রোডের মুখে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আব্দুর রহিম শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে ও পেশায় গাছ ব্যবসায়ী এবং আহত মানিক সদর উপজলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানা গেছে, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গত সোমবার ঝামেলা হয়। এর জেরে পরদিন মঙ্গলবার উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে রাকিব পাটওয়ারী নামে একজন দেওপাড়া গ্রামের ও মিতুল নামে আরেকজন শেখপুর গ্রামের গ্রুপের নেতৃত্ব দেয়। দুই গ্রুপের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে আব্দুর রহিম নামে এক পথচারীর বাম পায়ে গুলিবিদ্ধ হন এবং মানিককে এলোপাথাড়ি চেইন দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সালাম সৌরভ বলেন, আব্দুর রহিমের বাম পায়ে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মানিককে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আধিপত্য বিস্তার ও একটি সালিশি বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।