কাতার থেকে দেশে ফিরলেন স্পিকার

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম দেশে ফিরেছেন।

তিনি বুধবার দিবাগত রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। জাতীয় সংসদ সচিবালয় থেকে গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে স্পিকার এক সংক্ষিপ্ত সরকারি সফরে কাতার যান। দেশটির সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে গত মঙ্গলবার দোহায় পৌঁছেছিলেন তিনি। এরপর শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেন স্পিকার।

স্পিকার এ সময় আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোকবার্তা হস্তান্তরের পর তিনি কাতারের শূরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও