নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের নারী ও শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোরে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতদের সবাই নারী ও শিশু। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ বা ফায়ার সার্ভিস কারো পরিচয় নিশ্চিত করতে পারেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লি গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন স্বজনদের নিয়ে ঢাকা থেকে একটি হায়েস মাইক্রোবাসযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ভোরে মাইক্রোবাসটি চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। এ সময় বাহারের স্ত্রী কবিতা ও মেয়ে মিমসহ ৭ জন নিহত হন।
হতাহতদের উদ্ধার করে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ওসি।