নরসিংদীর রায়পুরায় এক সন্ত্রাসীর বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার।
এদিন সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে রায়পুরা থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আবিদ হাসান রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে পাঁচটি একনলা বন্দুক, ১০টি বুলেট কার্তুজ, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১টি পিস্তলের ম্যাগজিন ও ১৮টি ককটেল।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, রায়পুরা থানার নজরপুর এলাকায় সন্ত্রাসীরা গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ করছে- এমন খবরে অভিযানে যায় পুলিশ। এ সময় নজরপুর গ্রামের বাসিন্দা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী আবিদ হাসান রুবেলের বাড়ির আঙিনার একটি ছোট পাকা খুপরি ঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে আবিদ হাসান রুবেলসহ তার সহযোগীরা পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে। তার নামে দুটি হত্যা মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।