ব্রাহ্মণবাড়িয়ার হত্যা মামলার এক আসামিকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল দুপুরে রাজধানীর উত্তরা পশ্চিম থানার জসীমউদ্দীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৯ ও র্যাব-১ এর একটি যৌথ দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার কুরবান আলী (২১) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাজলীয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হানিফ মিয়া।
র্যাব জানিয়েছে, র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ইউনিট ও র্যাব-১ এর উত্তরা ইউনিটের একটি যৌথ দল রাজধানীর উত্তরা পশ্চিম থানার জসীমউদ্দীন এলাকায় অভিযান চালায়। এ সময় নবীনগর থানায় দায়ের হওয়া ঝর্ণা বেগম হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি কুরবান আলীকে গ্রেফতার করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝর্ণা বেগম হত্যার ঘটনায় নবীনগর থানায় মামলা হয়। সেই মামলার এক আসামিকে এর আগেও গ্রেফতার করা হয়েছিল। গত ২৭ জানুয়ারি একই মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামিকে গ্রেফতার করে র্যাব-৯।
র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরো জানায়, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।