জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অভিযোগ করে বলেছেন, প্রশাসনের পক্ষপাতের কারণে দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে পড়েছে। তার মতে, নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার আসল রূপ দেখাতে শুরু করেছে। প্রশাসনের এমন আচরণ গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া বাস টার্মিনালে এনসিপির নির্বাচনী পদযাত্রায় তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দল চাপের মুখে মঞ্চে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিলেও তাদের স্থানীয় নেতারা মাঠে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ অবস্থাকে তিনি গোপন আচরণ হিসেবে উল্লেখ করেন এবং এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, অতীতে শেখ হাসিনা পালিয়ে গিয়ে পার পেয়ে গেলেও বর্তমান পরিস্থিতিতে কেউ দায় এড়াতে পারবে না।
আসিফ মাহমুদ আরো বলেন, অভ্যুত্থানের সময় যে মানুষ রক্ত ও জীবন দিয়েছে, প্রয়োজনে ভোটের অধিকার নিশ্চিত করতেও তারা আবার জীবন দিতে প্রস্তুত। তাই তিনি নেতাকর্মীদের আগামী ১২ তারিখ নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দিয়ে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে আহ্বান জানান।
পদযাত্রায় আরো বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, নাটোর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম জার্জিস কাদির বাবু এবং দলের নেতা ফয়সাল আহমেদ। এছাড়া জামায়াতের নেতারাও কর্মসূচিতে বক্তব্য দেন।
এ সময় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।