ঝড়ে উড়ে গেছে বিদ্যালয়ের টিনের চাল খোলা আকাশের নিচে চলছে পাঠদান

বরগুনার তালতলী উপজেলায় কালবৈশাখীতে একটি বিদ্যালয়ের টিনশেড ঘরের চালা উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা এবং ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। তবে দ্রুত সময়ের মধ্যেই বিদ্যালয়ের ঘরটি মেরামত করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী আলহাজ নাসির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। কিন্তু প্রতিষ্ঠার ৩৩ বছর পার হলেও মেলেনি পাকা ভবন। বিদ্যালয়টিতে বর্তমানে ১৫৪ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক রয়েছেন।

বিদ্যালয় সূত্রে আরো জানা গেছে, গত ১৬ মার্চ শবে কদরের রাতে হঠাৎ কালবৈশাখীতে বিদ্যালয়ের একমাত্র কাঠের তৈরি টিনশেড ঘরের চালা উড়ে যায় এবং দরজা-জানালা ভেঙে টিনের বেড়া একদিকে হেলে পড়ে। ফলে বিদ্যালয়ের ঘরটি পাঠদানের অনুপযোগী হয়ে পড়ে।

সরজমিনে দেখা যায়, ঝড়ে উড়ে গেছে চাল। এদিকে বেঞ্চ ও টেবিল-চেয়ার নিয়ে খোলা আকাশের নিচে বিদ্যালয়ের মাঠে চলছে শিক্ষার্থীদের পাঠদান। স্কুল ভবনের বেহাল দশায় শিক্ষার্থীদের উপস্থিতিও কম। যেকোনো সময় ঝড়-বৃষ্টি এলে একেবারে বন্ধ হয়ে যাবে শিক্ষা কার্যক্রম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ বলেন, ‘বর্তমানে বিদ্যালয়টি একেবারে বিধ্বস্ত অবস্থায় রয়েছে। জরুরি ভিত্তিতে মেরামত বা নতুন ভবন নির্মাণ ছাড়া পাঠদান স্বাভাবিক রাখা সম্ভব নয়। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।’

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে জেনেছি। শিগগিরই বিদ্যালয়টি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও