ব্যাংকগুলো বর্তমানে শিল্প খাতে বড় অংকের বিনিয়োগ করছে। প্রকৃতপক্ষে এ ধরনের দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি বড় অংশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বা এ ধরনের প্রতিষ্ঠান থেকে আসার কথা ছিল। কিন্তু তারা সেই ভূমিকা যথাযথভাবে পালন করতে না পারায় ব্যাংকগুলো এগিয়ে এসেছে। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ব্যাংকগুলোর উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গ্যাসের সংকট।
শুধু ট্রাস্ট ব্যাংকেরই বড় অংকের বিনিয়োগ গ্যাস সংকটের কারণে কার্যত আটকে আছে। অনেকেই এর দায় গ্রাহক বা ব্যাংকের ওপর চাপাতে পারেন। কিন্তু প্রকল্পে অর্থায়নের আগে আমরা প্রয়োজনীয় সব বিষয় যাচাই করি। একটা প্রজেক্ট পাস করার আগে দেখি তিতাসের অনুমোদন রয়েছে কিনা? গ্রাহক টাকা দিয়েছে, গ্যারান্টি আছে, সে জেনারেটর পর্যন্ত ইনস্টল করেছে। কিন্তু এখন গ্যাস নেই। আমি মনে করি, এটা জাতীয় ক্ষতি। কারণ যারা এ ইকুয়েপমেন্টগুলো এনেছে, তিন-চার বছর চালাতে পারছে না, এগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত এ ক্ষতি হয়তো আমাদের ট্যাক্সের টাকায়ই পূরণ হবে। আমি মনে করি এটার একটা সমাধান প্রয়োজন। কারণ এ গ্রাহকদের অবস্থা যদি খারাপ হয় তাহলে শেষ পর্যন্ত ব্যাংক খাতই ধ্বংস হবে।