বগুড়ায় পলিটেকনিক ইনস্টিটিউটের আল জামিউল বনি (২২) খুনের ঘটনায় দুজনের নাম উল্লেখ করে সাতজনের নামে থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহত বনির পিতা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন।
জানা যায়, বগুড়া শহরের মালতিনগর এলাকার আনিছুর রহমান বাবুর ছেলে বনি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের শিক্ষার্থী ছিলেন। বনি একজন সাইক্লিস্ট ছিলেন। তিনি বগুড়া সাইক্লিস্টের সাধারণ সম্পাদক এবং বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন।
বগুড়া বনানী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাদুল ইসলাম জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বনি সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর শহরের মোহাম্মদ আলী হাসপাতালের সামনে কয়েকজন তরুণের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে। এর কিছু পর বনি কলোনি এলাকায় গেলে তার মাথায় ছুরিকাঘাত করে একদল যুবক। আহত বনিকে উদ্ধার করে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।