২০১৬ সাল থেকে জাল নোট প্রস্তুত ও ব্যবসার কাজ করতেন মো. বশির উদ্দিন (৪৯)। এ নিয়ে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। একাধিকবার আটক হলেও নির্জন একটি বাসায় চালিয়ে যাচ্ছিলেন এ অবৈধ কাজ। বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নেয়ামতনগর এলাকার গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে পাকা রাস্তার পাশ থেকে ৭ লাখ ৯ হাজার ৫০০ ভারতীয় জাল রুপিসহ বশির উদ্দিনকে আটক করেছে র্যাব। আটককৃত বশির উদ্দিন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মো. আজাহার আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তার বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।