দেশে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকসহ অন্য কোনো অপকর্মের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
গতকাল লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইন ওয়েল ফেয়ার অর্গানাইজেশন আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘একটি রাজনৈতিক দল ধর্মের নামে অপব্যাখ্যা দিচ্ছে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব শুধু মিছিল-মিটিং করা নয়; দেশের উন্নয়ন, সমাজের অগ্রগতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায়ও ভূমিকা রাখতে হবে।’
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে এ্যানি বলেন, ‘শুধু সুন্দর করে কথা বললেই বিরোধী দলের দায়িত্ব পালন হয় না, জনগণের পাশে থাকতে হয়।’ সংসদে সুন্দর কথা বললেও সংসদের বাইরে বিরোধী দল সরকারকে অসহযোগিতা করছে বলে অভিযোগ করেন তিনি।
রোডমার্চ ও লংমার্চের সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘এমনিতেই দেশের মানুষ ১৭ বছর অনেক কষ্টে ছিল। পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি। এখন আবার নতুন করে রোডমার্চ-লংমার্চ করে সমাজে অশান্তি সৃষ্টি করবেন, এটা হতে পারে না। দেশের মানুষ আপনাদের লংমার্চ-রোডমার্চ পছন্দ করে না।’
সরকারের উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষমতায় আসার ছয় মাসে সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে, অতীতে তা হয়নি। গত ১৭ বছরে দেশের মানুষ অনেক কিছু হারিয়েছে, এখন আর কিছু হারাতে চায় না। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ এসেছে। এ সুযোগ কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠান শেষে পানিসম্পদমন্ত্রী নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।