বিষধর সাপের কামড় ও জলাতঙ্ক রোগে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফেনী জেনারেল হাসপাতালে বিপুল পরিমাণ প্রতিষেধক অনুদান দিয়েছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে এসব চিকিৎসাসামগ্রী দেয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের জন্য ৩০ ভায়াল সাপের বিষের প্রতিষেধক দেয়া হয়েছে। পাশাপাশি ৪৪৪ ভায়াল জলাতঙ্ক প্রতিষেধক এবং ১০০ ভায়াল জলাতঙ্ক প্রতিরোধী ওষুধ দেয়া হয়।
ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক সিভিল সার্জন ডা. এএসএম সোহরাব আল হোসাইনের কাছে এসব জরুরি চিকিৎসাসামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় পর্যায়ে এ ধরনের জরুরি প্রতিষেধকের সরবরাহ বজায় থাকবে। ফলে ফেনীর জনসাধারণ এখন থেকে আরো দ্রুত ও নির্বিঘ্নে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন।