দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এক সপ্তাহে (২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর) মোট ৬৯ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার (৩ অক্টোবর) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
এ সময়ে চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, শিশু পাচারকারী, জুয়ারী, নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তসহ মোট ৬৯ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি ককটেল, ২৭ রাউন্ড গুলি, দেশী-বিদেশী ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইলফোন, চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামসহ দেশের ৬২টি জেলায় সার্বক্ষণিক টহল দিচ্ছে। প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপ ও মন্দিরে পূজা অর্চনার প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করেছে সেনারা। পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও তারা সরাসরি দায়িত্ব পালন করছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।