খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, ‘সমালোচনা করা পৃথিবীতে সহজতম কাজ, আমরা সমালোচনা বন্ধ করে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর দৃষ্টান্ত রেখে যেতে চাই। একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই, যাতে আগামী প্রজন্ম আমাদের মনে রাখবে।’
খাদ্য অধিদপ্তরের সভাকক্ষে আজ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় খাদ্য অধিদপ্তরের চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়।
আমিন উর রশীদ বলেন, ‘আমাদের দেশে যে খাদ্য উৎপাদন হয় এর মধ্যে মাত্রাতিরিক্ত হেভি মেটালের অস্তিত্ব বিভিন্ন পরীক্ষায় পাওয়া যাচ্ছে। এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’
তিনি আরো বলেন, ‘মানুষকে খাদ্য নিয়ে যাতে কোনো চিন্তা করতে না হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। একদিকে খাদ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি খাদ্যের মানও নিশ্চিত করতে হবে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আমরা যদি উন্নত করতে পারি তাহলে আমদানি-রফতানি থেকে শুরু করে সবগুলো মান নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের দিয়ে করানো যাবে। তখন তারা ইউএসএফডিএর সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাদের দেয়া সার্টিফিকেট বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পাবে। আমাদের মূল লক্ষ্য চালের পাশাপাশি অন্যান্য খাদ্যও রফতানি করা।’
তিনি খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, ‘সমস্যা থাকবে, এর সমাধানও আছে। আপনারা অভিজ্ঞ মানুষ। আপনারা শুধু সমস্যার কথা বলবেন না, পাশাপাশি সম্ভব্য সমাধানের কথাও বলবেন। আমরা সবাইকে নিয়ে সমস্যার সমাধান করব। আমরা একটা সুন্দর টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে চাই।’