আগামী ৯-২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম সম্মেলনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ, সম্মেলনের প্রস্তুতি এবং বিভিন্ন আলোচ্য বিষয়ে বাংলাদেশের অবস্থান নির্ধারণের লক্ষ্যে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি সভায় সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পররাষ্ট্র সচিব, ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় কপের সার্বিক প্রস্তুতি, প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, বাংলাদেশের অবস্থান, ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়ন এবং গ্রিন জোনে জুট এক্সপো আয়োজন নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রচার সামগ্রী, অডিও-ভিজুয়াল কনটেন্ট ও মুদ্রিত পোস্টার তৈরির ব্যাপারে পর্যালোচনা করা হয়। পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে পাটকে জৈবভাবে অবক্ষয়যোগ্য, পরিবেশবান্ধব ও প্রাকৃতিক তন্তুনির্ভর সবুজ পণ্য হিসেবে তুলে ধরার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। গ্রিন জোনে বাংলাদেশের স্টল স্থাপনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করা এবং পরিবেশবান্ধব ব্যবসায় আগ্রহী উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি সাইড ইভেন্ট আয়োজনের সম্ভাবনাও আলোচিত হয়।
জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগে নারী ও শিশুরা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হন। এ বাস্তবতায় জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণকে সামনে রেখে কপে বিশেষ উদ্যোগ উপস্থাপনের সম্ভাবনা বিবেচনার ওপর প্রতিমন্ত্রী গুরুত্বারোপ করেন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কপে বাংলাদেশের অগ্রাধিকার, অর্জন ও প্রত্যাশা সুসংহতভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেয়া হয়।