পুলিশের পক্ষ থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনটি স্টেশনে না থেমে চলাচল করছে মেট্রোরেল। রবিবার (১ নভেম্বর) দুপুর থেকে রাজধানীর মিরপুরের পল্লবী, মিরপুর-১১ এবং মিরপুর ১০ নম্বর স্টেশনে না থেমে চলছে মেট্রোরেল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমটিসিএল পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) মো. নজরুল ইসলাম।
তিনি জানান, দুপুর ১২টার দিকে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, মিরপুর ১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান জানান, আগুন নেভাতে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। মিরপুর-১০ এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
এর আগে, মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।