এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মানুষ।
গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় রবিউলকে আটক করে পুলিশ। রবিউল একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় শিশুটি নিখোঁজ হয়। একপর্যায়ে স্বজনরা খোঁজাখুঁজির সময় অভিযুক্ত রবিউলের ঘরের ভেতর কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান। পরিবারের অভিযোগ, শিশুটিকে প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে রবিউল। ঘটনা জানাজানি হলে গতকাল সকালে দত্তপাড়া এলাকায় রবিউলকে দেখতে পেয়ে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু জানান, আটক রবিউল বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।