রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে আধাবেলা অবরোধ পালন হয়েছে। ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ নামে পাহাড়ি একটি সংগঠনের ডাকে গতকাল ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ চলে।
গতকাল সকালে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কের কুতুকছড়ি এলাকায় সরজমিনে দেখা যায়, সাপছড়ি খামারপাড়া ও কুতুকছড়ি ধর্মঘর এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধকারীরা পিকেটিং করছে। এছাড়া কুতুকছড়ি হাফবাজার থেকে ধর্মঘর পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়। রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে সকাল থেকেই কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেছে। রাঙ্গামাটি শহরের অভ্যন্তরীণ সড়কগুলোয় দোকানপাট খোলা ছিল এবং যান চলাচলও স্বাভাবিক ছিল। এছাড়া জেলা শহর থেকে বিভিন্ন উপজেলায় নৌপথে নৌযান চলাচল স্বাভাবিক ছিল। আগের নিয়মেই সব নৌযান ছেড়ে গেছে।