কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় উদ্ধার হওয়া হিমালয়ান গৃধিনী শকুনটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য গতকাল রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে রাজারহাট সদর ইউনিয়নের হরিশ্বরতালুক এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করেন। এ সময় বিরল প্রজাতির শকুনটি দেখতে ঘটনাস্থলে ভিড় করে উৎসুক মানুষ। পরে সেটিকে কুড়িগ্রাম রেঞ্জ কার্যালয়ে নেয়া হয়।
কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম বলেন, ‘শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও সংরক্ষণের ব্যবস্থা নিতে গতকাল বিকালে সেটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।’