চাঁপাইনবাবগঞ্জে লাইনচ্যুত ওয়াগন উদ্ধার, ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে জ্বালানি তেলবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়া চারটি ওয়াগন উদ্ধার করা হয়েছে।

দীর্ঘ ৯ ঘণ্টা উদ্ধার তৎপরতা শেষে রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুপুর নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আমনুরা স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মোখলেসুর রহমান বলেন, ‘রিলিফ ট্রেন ১০টা ১০ মিনিটে এসে ১১টায় উদ্ধারকাজ শুরু করে। প্রথম ওয়াগনটি ১১টা ২৫ মিনিটে এবং দ্বিতীয়টি ১২টা ৫৫ মিনিটে তোলা হয়। বর্তমানে উদ্ধারকাজ শেষ হয়েছে। যাত্রীবাহী ট্রেন চলাচলও স্বাভাবিক হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের পয়েন্ট ও সিগন্যালে কোনো ত্রুটি ছিল না। তবু বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি দেখবে আসলে কী সমস্যা এবং কীসের কারণে বারবার গাড়ি এখানে পড়ছে।’

এর আগে দুর্ঘটনার কারণে রহনপুর স্টেশনে মহানন্দা এক্সপ্রেস আটকা পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়ে। বর্তমানে লাইন সচল থাকায় ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেনের ওয়াগন লাইনচ্যুতর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে যাত্রীরা।

রাজশাহী রেলওয়ে স্টেশনে সজিব ও সাইদুর রহমান নামে দুই যাত্রী বলেন, মাঝেমধ্যেই আমনুরায় ট্রেনের বগি বা ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। গত ২৪ জানুয়ারি একই স্থানে বগি লাইনচ্যুত হয়। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টিতে ঠিকঠাক নজর দেয় না। এ নিয়ে তাদের উদাসীনতা রয়েছে। ট্রেন বন্ধ থাকলে বাসে যাতায়াত করতে হয়। ফলে সময় ও খরচ বাড়ে।

আরও