বাস ও সিএনজি চালকদের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া থেকে দুটি রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। রুট দুটি হলো কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-প্রাগপুর-মহিষকুন্ডি।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক
ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল হামিদ মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বাসস্ট্যান্ডে যাত্রী
ওঠানো নিয়ে সিএনজি চালকদের সঙ্গে বাস চালকরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এ সময় সিএনজি চালকরা বাস চালকসহ শ্রমিকদের মারধর করেন।
এ সময় ওই রুটে বাস নিয়ে এলে বাস শ্রমিকদের প্রাণনাশের হুমকিও দেয়া হয় বলে অভিযোগ করেছেন সভাপতি আব্দুল হামিদ। তিনি বলেন, এরই জেরে নিরাপত্তার অভাবে কুষ্টিয়া-মেহেরপুর ও প্রাগপুর-মহিষকুন্ডি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বিষয়টি সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
এছাড়া দ্রুত বিষয়টি সমাধানের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের
সঙ্গে বৈঠক চলছে বলেও জানান এ শ্রমিক নেতা।
এদিকে হঠাৎ করে বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন
এসব রুটে চলাচলকারী যাত্রীরা। এ রুটগুলোতে অতি সামান্য কারনে প্রায়ই এ ধরনের ঘটনা
ঘটে।
চলতি বছরের মার্চ মাসে বাসের ট্রিপ কম-বেশি করা নিয়ে কুষ্টিয়া মেহেরপুর
রুটে বাস বন্ধ হয়ে যায়। প্রায় মাসখানেক পর যানবাহন চলাচল শুরু হয়।