পটুয়াখালীর বাউফলে জামায়াত আমির

ক্ষমতায় গেলে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করব না

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা মামলা তো দিবই না, বরং প্রমাণিত হলে ওই মামলা দায়েরকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা মামলা তো দিবই না, বরং প্রমাণিত হলে ওই মামলা দায়েরকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ পটুয়াখালীর বাউফল উপজেলা শহরের পাবলিক মাঠে গতকাল দুপুরে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সভায় শফিকুর রহমান এ কথা বলেন।

জামায়াত আমির শফিকুর রহমান বলেন, ‘গত ৫৪ বছরে শাসকরা আমাদের দুর্নীতি, চাঁদাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ ও বিচারহীনতা উপহার দিয়েছে। এ বাংলাদেশকে পাল্টে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। জামায়াতে ইসলামী চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, দখল বাণিজ্য করে না, মা-বোনদের গায়ে হাত দেয় না, নির্যাতন করে না, ব্যাংক ডাকাতি করে না, ঋণখেলাপি নয়। তাই আগামী ১২ তারিখ নতুন সূর্য পিঠে নিয়ে নতুন বাংলাদেশ শুরু হবে। সেই নতুন বাংলাদেশে আমাদের ভূমিকা আপনাদের দুই হাতের ১০ আঙুলের মতো পরিষ্কার থাকবে।’

নির্বাচনী প্রতিপক্ষের বিষয়ে জামায়াত আমির বলেন, ‘অতীতে যারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারেনি, এখন তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। ভোট তারাই চাইবে, যারা ১৮ কোটি মানুষকে সম্মান করেছে এবং এখনো সম্মান করছে। জনগণ তাদেরকেই বাছাই করবে।’

এর আগে গতকাল সকালে বরিশালের মেহেন্দীগঞ্জের সরকারি আরসি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় শফিকুর রহমান বলেন, ‘যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা দেশ চালাবে কীভাবে? ৫ আগস্টের পর তারা নিরীহ মানুষদের মামলা দিয়ে খাজনাপাতি তুলেছে। মানুষ তাদের প্রতি অতিষ্ঠ।’

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, ‘পাকিস্তানের বৈষম্য আচরণের কারণে মুক্তিযুদ্ধের সূত্রপাত, তার মাধ্যমে আমরা পেয়েছি বাংলাদেশ। কিন্তু পৌনে চার বছর আবার শোষণ ও নৈরাজ্য করল আওয়ামী লীগ। এরপর বার বার ক্ষমতার হাতবদল হলেও জাতির ভাগ্যের পরিবর্তন আসেনি।’

জামায়াত এ দেশে সবচেয়ে বড় মজলুম দল উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘বিচারিক হত্যাকাণ্ডসহ নানা নিপীড়ন হয়েছে। তবুও জনগণের স্বার্থে কথা বলা বন্ধ করিনি। জুলাই বিপ্লবের পরিবর্তনের পর আমরা কোনো নির্দোষ-নিরীহ মানুষকে হয়রানি করিনি। কিন্তু একটি বড় দলের লোক মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়ে পড়ে। মানুষকে অতিষ্ঠ করে তুলেছে।’

জুলাই বিপ্লবের মূল চেতনা প্রতিষ্ঠায় ১১ দলীয় জোট বদ্ধপরিকর জানিয়ে জামায়াত আমির বলেন, ‘দুর্নীতির মূলোৎপাটন করব। দেশ পরিচালনার সুযোগ পেলে সবাইকে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেব। কোটি কোটি টাকা চুরি হয়েছে, বিদেশে পাচার হয়েছে। ওদের মুখের মধ্যে হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে সে টাকা বের করে আনব। কেননা অর্থনীতির চ্যালেঞ্জ হবে বড় চ্যালেঞ্জ।’

নিজের এক্স আইডি ‘হ্যাক’ হওয়ার বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘মিসাইল ছুড়েছিল আমার দিকে, ফিরে সেটা তাদের কপালেই পড়েছে। সত্য কখনো চাপা থাকে না। যে রাজনীতি চাঁদাবাজ, হত্যাকারী, লুণ্ঠনকারী তৈরি করে, ওই রাজনীতি আমরা চাই না। তাই পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিতে হবে। এতদিন পাহারাদারি করেছি দলের, আপনারা সুযোগ দিলে এবার দেশের পাহারাদারি করব। বৈষম্যহীন রাষ্ট্রে রাষ্ট্রপতি থেকে সাধারণ মানুষ আইনের চোখে সবাই সমান থাকবে।’

নারী ও যুবকদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘বেকার ভাতা দিয়ে নয়, কর্মসংস্থানের মাধ্যমে যুবকদের সম্মান নিশ্চিত করতে চায় জামায়াত। নারীদের নিরাপত্তা, মর্যাদা ও সম্মান শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

বরিশাল অঞ্চলের নদীভাঙন প্রসঙ্গে তিনি বলেন, ‘নদীশাসনের চেয়ে নদী সংস্কার জরুরি। সঠিকভাবে বাঁধ নির্মাণ ও নদী সংস্কার করা গেলে এক দশকের মধ্যে এ অঞ্চলের চিত্র বদলে যাবে।’

সবশেষ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।

আরও