মুন্সিগঞ্জে ভোট কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান

সকাল সাড়ে সাতটা থেকে কেন্দ্রটিতে ভোট গ্রহণ শুরু হয়, চলছিল শান্তিপূর্ণ ভোট। তবে সকাল সাড়ে দশটার দিকে কেন্দ্রের অদূরের মাঠে কয়েক দফায় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে মুন্সিগঞ্জের একটি ভোট কেন্দ্রের পাশে পর পর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাহিরে একটি ফাঁকা মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটা থেকে কেন্দ্রটিতে ভোট গ্রহণ শুরু হয়, চলছিল শান্তিপূর্ণ ভোট। তবে সকাল সাড়ে দশটার দিকে কেন্দ্রের অদূরের মাঠে কয়েক দফায় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এ সময় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভোটকেন্দ্রের ভিতরে কোন ধরনের সমস্যা হয়নি বলে জানিয়েছে পুলিশ। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. তিতুমীর বণিক বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলের পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণ নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সিসিটিভি ফুটেজ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও