গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহারের কথা জানিয়েছে জেলা প্রশাসন। রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ‘আজ রাত আটটার পর গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা ও কারফিউ বলবৎ থাকবে না। সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনাপূর্বক পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’
এর আগে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলেও মানুষের চলাচল ছিল কম। পরে রাত ৮টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত আবারো কারফিউ বলবৎ ছিল। এরপর জারি করা হয় ১৪৪ ধারা। গত বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। নিহত হন পাঁচজন, আহত হন অর্ধশতাধিক।
১৭ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। এদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হবে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পুনরায় কারফিউ কার্যকর থাকবে। ১৪৪ ধারা চলাকালে যেকোনো ধরনের সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ থাকবে বলা হয়।