হাওরের ফসল রক্ষা বাঁধ প্রকল্পে দুর্নীতি হলে কোনো ছাড় নয় বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, হাওর অঞ্চলে ফসল উৎপাদন বৃদ্ধি ও রক্ষা করার জন্য বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ডুবন্ত বাঁধগুলো প্রতিবছর মেরামতের ফলে এ অঞ্চলে ফসল উৎপাদন অনেকগুণ বৃদ্ধি পাচ্ছে। এ অঞ্চলকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। প্রতিবছর যেন বাঁধ মেরামত হয় এবং দুর্নীতিমুক্ত হয় সেদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের বিশেষ নজর থাকবে। আজ শুক্রবার সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ফসল রক্ষা বাঁধ পরিদর্শনকালে সাংবাধিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ্যানি বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। জনকল্যাণে এ সরকার প্রয়োজনীয় সব কিছু করবে। প্রধানমন্ত্রী সবসময় এ অঞ্চলের খোঁজ-খবর রাখছেন। আমরা দায়িত্ব নিয়েই আপনাদের পাশে দাঁড়িয়েছি। এরই মধ্যে বর্তমান সরকার কৃষি কাজে সেচের ব্যবস্থা, জলবদ্ধতাদূরীকরণ ও নদীর নাব্যতা ফিরিয়ে আনতে দেশব্যাপী খাল-পুকুর-জলাশয় খনন-পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে।
মন্ত্রী বলেন, হাওর অঞ্চলের মানুষকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এ অঞ্চলে শুকনো মৌসুমেও সেচের মাধ্যমে কীভাবে ফসল উৎপাদন করা যায়- সে উদ্যোগ নেবে সরকার। এখানে উৎপাদিত ফসল, বিশেষ করে ধান রক্ষা করতে বাঁধ অত্যন্ত জরুরি।
এ সময় ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়সর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।