সংশোধিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতায় বরাদ্দ রাখার চিন্তা

একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন

সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, ‘সরকারি

সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, ‘সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি-দাওয়া মেটাতে গিয়ে বেতন-ভাতা বাড়ানোর বিষয় আছে। মহার্ঘ ভাতার বিষয় আছে। তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সবকিছু উন্নয়ন বাজেট ওপর এসে পড়ে। উন্নয়ন বাজেট কমাতে হবে।’

গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার কাজটি সরকারের সবচেয়ে চ্যালেঞ্জ। কোনো জিনিসের দাম একবার বাড়লে সেটি কমানো কঠিন। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই মধ্যে আমাদের রেমিট্যান্স বেড়েছে এবং বৈদেশিক লেনদেনে ভারসাম্য এসেছে। কিন্তু মূল্যস্ফীতির জায়গায় এখনো তেমন পরিবর্তন আসেনি।’

একনেকের বৈঠকে যাচাই-বাছাই শেষে অনুমোদিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক’ প্রকল্পটি বাতিল করা হয়েছে। উপদেষ্টা বলেন, ‘প্রকল্পটি বাতিল করা সহজ ছিল না। তবে সরকার অহেতুক প্রকল্পগুলো বাতিলে কাজ করছে। বাজেট ঘাটতি সহনীয় রেখে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সংশোধনের কাজও চলছে। এতে উন্নয়ন বাজেটের আকার ছোট হলেও প্রবৃদ্ধি কমবে না। সরকারের লক্ষ্য হলো কর্মসংস্থান বৃদ্ধি এবং জনগণের উপকার করা।’

একনেক সভায় ১০টি প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৭৪ কোটি টাকা। এ ব্যয়ে সরকারি অর্থায়ন ১ হাজার ৬৪৩ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৩১ কোটি ৩২ লাখ টাকা। প্রকল্পগুলোয় বিদেশী ঋণ নেই। এছাড়া ছয়টি প্রকল্প একনেক সভাকে অবহিত করার জন্য উপস্থাপন করা হয়। অবহিত করা ছয় প্রকল্প উপদেষ্টার কার্যালয় থেকে আগেই অনুমোদন দেয়া হয়। ৫০ কোটি টাকার কম ব্যয়ের প্রকল্প মন্ত্রণালয় থেকেই অনুমোদন দেয়া হয়। পরে একনেক সভাকে অবহিত করার বিধান রয়েছে।

একনেক সভায় আরো উপস্থিত ছিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদবিষয়ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও