তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ শিগগিরই পুনর্গঠন করা হবে। পুরো বিষয়টি এখন প্রক্রিয়ার মধ্যে আছে। এটি একটি বড় প্রক্রিয়া। তাই এখানে কোনো ধরনের ভুল হতে দেয়া যাবে না। খুব সতর্কতার সঙ্গে আমাদের এগোতে হচ্ছে। পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন আইনের বিধান মেনেই সব জাতিসত্তার সদস্যসহ সব জনগোষ্ঠীর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে এ জেলা পরিষদগুলো গঠন করা হবে।’
গতকাল রাঙ্গামাটি জেলা শহরের রাঙাপানি এলাকার মোনঘর আবাসিক বিদ্যালয়ে ‘কুমন লার্নিং সেন্টার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্যমন্ত্রী এ কথা জানান।
দীপেন দেওয়ান আরো বলেন, ‘গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের যে ভয় বা দুর্বলতা রয়েছে, কুমন লার্নিং পদ্ধতির মাধ্যমে তা দূর হবে। মানসম্মত শিক্ষা ছাড়া পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের ক্ষেত্রে ভালো নেতৃত্ব গড়ে উঠবে না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শিক্ষার প্রতি অত্যন্ত যত্নবান। তিনি পার্বত্য অঞ্চল ও সমতল অঞ্চলে শিক্ষার ক্ষেত্রে সমান অগ্রাধিকার দিয়েছেন।’
এ সময় মোনঘরের কার্যনির্বাহী পরিষদের সভাপতি শ্রদ্ধালংকার মহাথেরর সভাপতিত্বে বক্তব্য দেন এমইউএফজি ব্যাংক লিমিটেড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ম্যানেজিং ডিরেক্টর কিমুরা কেঞ্জি, জাইকা বাংলাদেশ অফিসের স্পেশাল অ্যাডভাইজার কিয়োশি আমাদা, ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমাসহ অন্যরা।