বজ্রঝড়ের মধ্যেই টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

বিকাশের টাকা লেনদেন নিয়ে সামান্য কথা কাটাকাটি। কয়েক দিন আগে নতুন হাবলি পশ্চিম পাড়ার বোরহান উদ্দিন নামে এক ব্যক্তি পূর্ব পাড়ার সুরজাহান বেগমের মুদি দোকানে বিকাশে টাকা পাঠাতে যান। সেখানে টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার নতুন হাবলি পশ্চিমপাড়া ও পূর্ব পাড়ার লোকজনের মধ্যে এই রণক্ষেত্র তৈরি হয়। একদিকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং বজ্রঝড় হচ্ছিল, অন্যদিকে সেই বৈরী আবহাওয়ার মাঝেই দুই পক্ষ টর্চলাইট জ্বালিয়ে দীর্ঘ ৩ ঘণ্টা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত থাকে।এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার মূলে ছিল বিকাশের টাকা লেনদেন নিয়ে সামান্য কথা কাটাকাটি। কয়েক দিন আগে নতুন হাবলি পশ্চিম পাড়ার বোরহান উদ্দিন নামে এক ব্যক্তি পূর্ব পাড়ার সুরজাহান বেগমের মুদি দোকানে বিকাশে টাকা পাঠাতে যান। সেখানে টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে রোববার সন্ধ্যায় সুরজাহান বেগমের ছেলে শিহাবকে বোরহান পক্ষের লোকজন মারধর করে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে তার ভাই শিপনকেও মারধর করা হলে দুই পাড়ার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

একপর্যায়ে নতুন হাবলি পশ্চিমপাড়া, পূর্বপাড়া ও পার্শ্ববর্তী দক্ষিণ আড়িফাইল গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে ঝাঁপিয়ে পড়ে। এলাকাটি তখন কালবৈশাখীর কারণে বিদ্যুৎহীন ও অন্ধকারাচ্ছন্ন ছিল। প্রকৃতির তাণ্ডব আর বজ্রপাতের বিকট শব্দের মাঝেই টর্চলাইটের আলো জ্বালিয়ে চলে সংঘর্ষ। দীর্ঘ ৩ ঘণ্টার এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পাওয়ার পরপরই সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও