রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।
আজ সকাল সাড়ে ৭টার দিকে কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নবাবের রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান লেগুনার চার যাত্রী। এ ঘটনায় কেউ আহত হননি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে সকাল ৭টা ৩৮ মিনিটে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের পরিদর্শক তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন।