মাছের চাহিদা পূরণে উন্নতমানের মৎস্যবীজ উৎপাদনের বিকল্প নেই: সুলতান সালাউদ্দিন টুকু

প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা পূরণে উন্নতমানের মৎস্যবীজ উৎপাদনের বিকল্প নেই। নিরাপদ ও মানসম্পন্ন মৎস্যবীজ উৎপাদনের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যখাতকে আরো সমৃদ্ধ করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি আজ টাঙ্গাইলের আটপুকুরপাড় এলাকায় অবস্থিত মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করেছেন। এসময় তিনি খামারের বিভিন্ন অবকাঠামো ও উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন, খামার প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং খামারে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী খামারের পুকুর, হ্যাচারি, পোনা উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। এছাড়া মৎস্যবীজ উৎপাদনের বর্তমান অবস্থা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

এসময় তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা পূরণে উন্নতমানের মৎস্যবীজ উৎপাদনের বিকল্প নেই। নিরাপদ ও মানসম্পন্ন মৎস্যবীজ উৎপাদনের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যখাতকে আরো সমৃদ্ধ করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সরকারি মৎস্য খামারগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়নের মাধ্যমে দেশের মৎস্য উৎপাদনে নতুন গতি সঞ্চার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খামারে স্থাপিত ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, সৌরশক্তি নির্ভর এ উদ্যোগ খামারের বিদ্যুৎ ব্যবস্থাপনাকে আরো টেকসই ও সাশ্রয়ী করবে। সরকারি খামারগুলোয় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে একদিকে যেমন উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে পরিবেশ সুরক্ষাও নিশ্চিত হবে।

পর্যায়ক্রমে দেশের অন্যান্য সরকারি মৎস্য খামারেও এ ধরনের পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান। পরে প্রতিমন্ত্রী খামার প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাসিব খান, ‘বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের পরিচালক মো. মশিউর রহমান, টাঙ্গাইলের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর, মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

আরও