ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পৌর এলাকার খারপাড়ায় সোমবার (১৫
জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন খারপাড়ার সুমন মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৪০) ও
তার ছেলে আরিফুল ইসলাম (১৯)। এছাড়া আহত হয়েছেন কুলসুম বেগমের মেয়ে সানজিদা আক্তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, কিছুদিন আগে সুমন মিয়া তার বসতবাড়িতে টিনের একটি ঘর তৈরি করেন।
সোমবার সন্ধ্যার দিকে তার ছেলে আরিফুল ইসলাম ওই ঘরে বিদ্যুতের
লাইনের কাজ করতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে গিয়ে
মা কুলসুম বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘরে থাকা তার বোন এসে দুজনকে উদ্ধার করতে
গেলে সেও বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। স্থানীয়
লোকজন তিনজনকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার
কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
আহত সানজিদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে ওসি জানান।