কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা। মঙ্গলবার (২৬ আগস্ট) তারা দুই দলে বিভক্ত হয়ে ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন।
রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসা ৪০টি দেশের প্রতিনিধির পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই পরিদর্শনে অংশ নেন। এ সময় তারা রোহিঙ্গাদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন।
বিদেশী প্রতিনিধিরা উখিয়ার ক্যাম্প-৪ এ অবস্থিত বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ই-ভাউচার আউটলেট কেন্দ্র পরিদর্শন করেন। এরপর তারা বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালে গিয়ে রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন। রোহিঙ্গা নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে তারা সময় নিয়ে রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে দুপুরে তারা ক্যাম্প এলাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে রোববার কক্সবাজারে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডার্স’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শুরু হয়। মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্যে দিয়ে এই সম্মেলন শেষ হয়।