করোনাভাইরাসের
কারণে খুলনা জেলাকে আপাতত লকডাউন করা হচ্ছে না বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে
সংক্রমণ নিয়ন্ত্রণে নগরের তিনটি থানায় আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ।
৪ জুন
থেকে এক সপ্তাহের জন্য থানাগুলোতে দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে। বিধিনিষেধের
আওতায় থাকা থানাগুলো হলো- খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর।
বুধবার
দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধ কমিটির
সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় জেলা প্রশাসক মো. হেলাল হোসেন বলেন, আপাতত লকডাউনের
বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে ৪ জুন থেকে এক সপ্তাহের জন্য
নগরের তিন থানার কাঁচাবাজার ও ফার্মেসি ব্যতীত অন্য দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত
হয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোর নির্দেশনা
দেওয়া হয়েছে। মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ
স্বাস্থ্যবিধি প্রতিপালন বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।
জেলার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মাদ বলেন, করোনা
সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা খুলনা জেলায় মানুষের সচেতনতা এখনো কম। রাস্তাঘাট,
বাজার-রোস্তোরাঁয় মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায় না। এক
সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনে পরবর্তীতে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে ভারতে ভ্রমণ ছাড়াই
খুলনায় কভিডের ভারতীয় ধরন শনাক্ত হয়। সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থার অংশ
হিসেবে সর্বশেষ এই বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেয়া জেলা প্রশাসন।