২০২৬–২৭ শিক্ষাবর্ষ

জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ

এবার ২১টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে নতুন প্রতিষ্ঠিত আরো তিনটি বিশ্ববিদ্যালয় এ তালিকায় যুক্ত হতে পারে বলে জানানো হয়েছে

২০২৬–২৭ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৯ মার্চ বি ইউনিট (মানবিক), ২০ মার্চ সি ইউনিট (বাণিজ্য) ও ডি ইউনিট (আর্কিটেকচার) এবং ২৭ মার্চ এ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৯, ২০ ও ২৭ মার্চ বি, সি ও এ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ডি ইউনিটের পরীক্ষা ২০ মার্চ বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের সভাপতিত্বে গতকাল রাত ৯টায় অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলরদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এবার ২১টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে নতুন প্রতিষ্ঠিত আরো তিনটি বিশ্ববিদ্যালয় এ তালিকায় যুক্ত হতে পারে বলে জানানো হয়েছে।

অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান জানান, ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সর্বশেষ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ ভর্তি ব্যবস্থায় ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল। এবারের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে— ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিশ্ববিদ্যালয়, বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আরও