সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা প্রদানের ঘোষণা আসতে পারে। এ বিষয়ে মতামত গ্রহণের জন্য সরকার একটি কমিটি গঠন করেছে।
জানা গেছে, প্রণোদনা প্রদানের মাধ্যমে সরাসরি বিদেশী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অর্থ উপদেষ্টার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। গত ২৯ মে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, প্রণোদনা প্রদানের মাধ্যমে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির বিষয়ে মতামত প্রদানের জন্য এই কমিটি গঠন করা হলো।
কমিটিতে রয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।