ময়মনসিংহের ভালুকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। নিহত মো. তৈয়ব আকন্দ (২০) উপজেলার ভরাডোবা ডিমাইপাড়ার মো. বাবুল আকন্দের ছেলে। আহত মো. আব্দুল হাকিমকে ময়মনসিংহের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে গোয়ারী উপজেলার মুক্তির বাজার নামক স্থানে ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে উপজেলার বিরুনিয়া ইউনিয়নের গোয়ারী মুক্তির বাজারে ভালুকা-গফরগাঁও সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে তৈয়ব আকন্দ ও হাকিম নামে দুজন রাস্তার ওপর পড়ে যান এবং তৈয়ব ঘটনাস্থলেই নিহত হন।