ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। গত ১২ অক্টোবর বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। মহাপরিচালক হিসেবে দুই বছর ১০ দিন দায়িত্ব পালনের পর মুহাম্মদ জাহেদ কামাল সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় নারায়ণগঞ্জের জলসিঁড়ি ফায়ার স্টেশনে বিদায়ী ও নবনিযুক্ত মহাপরিচালক গাছের চারা রোপণ করেন। পরে সকাল ১১টায় অধিদপ্তরে বিদায়ী দরবার অনুষ্ঠিত হয়। এতে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি এবং দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে কর্মকর্তা-কর্মচারীরা অনলাইনে যুক্ত হন।
এদিন দুপুরে অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে বিদায়ী মহাপরিচালকের কর্মজীবন নিয়ে স্মৃতিচারণা করেন কর্মকর্তারা। মুহাম্মদ জাহেদ কামাল তার বক্তব্যে দায়িত্ব পালনকালের অভিজ্ঞতা তুলে ধরেন এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দায়িত্ব নেয়ার পর বিকাল ৪টায় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য দেন নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ। তিনি জনগণের জানমালের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা ও দুর্যোগে দ্রুত সাড়া দেয়া এবং উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। সম্মিলিত প্রচেষ্টায় জনসেবার মান উন্নয়নের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।