সিলেটের গোলাপগঞ্জে পুলিশের গুলিতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত দুজন হলেন, ধারাবহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮)।
গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহিন আহমদ এই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহত দুজনের শরীরে গুলি রয়েছে। তবে এ ব্যাপারে পুলিশ কোনো বক্তব্য দেয়নি।
হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৪ আগস্ট) বেলা ২টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে আন্দোলনকারীরা সকাল থেকে পৌর শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। দুপুরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাধারণ মানুষও আক্রান্ত হন। পরে আন্দোলনকারীরা লাশ নিয়ে শহরে মিছিল করে।
গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহিন আহমদ জানান, নিহত দুজন ছাড়াও আরো অনেকে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসার জন্য এসেছেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ওসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।