শিল্পখাতে রুফটপ সোলারের ব্যবহার বাড়াতে প্রশিক্ষণ আয়োজন ইডকলের

দেশের শিল্পখাতে রুফটপ সোলার শক্তির ব্যবহার বাড়ানোর উদ্দেশ্যে সম্প্রতি দুইদিনের একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ইডকল বাংলাদেশ। এ প্রশিক্ষণে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সুযোগ ও অর্থায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়, যা দেশের ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ৪০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরসেদ বক্তব্য দেন। তিনি দেশের পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে শিল্প-খাতে রুফটপ সোলারের গুরুত্বের ওপর জোর দেন। এ ছাড়া ডেপুটি সিইও ও সিএফও এস এম মনিরুল ইসলাম অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্ট সবাইকে দেশের সবুজ রূপান্তরে তাদের প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা জানান।

প্রশিক্ষণের মূল অধিবেশন পরিচালনা করেন ইডকল-এর নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল। তিনি রুফটপ-সোলার প্রকল্পের কারিগরি ও পরিচালনাগত দিকগুলো উপস্থাপন করেন। পাশাপাশি, ইডকল-এর পরিচালক এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক ড. এম. রেজওয়ান খান কারিগরি ও প্রকৌশল বিষয়ক বিশেষজ্ঞ মতামত দেন।

বাংলাদেশে প্রায় ৫ হাজার মেগাওয়াট পিক রুফটপ-সোলারের সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৩০০ মেগাওয়াট পিক রুফটপ-সোলার স্থাপন করা সম্ভব হয়েছে। ইডকল এরই মধ্যে ১৬৫ মেগাওয়াট পিক রুফটপ-সোলার প্রকল্পে অর্থায়ন করেছে এবং স্থানীয় ব্যাংকগুলোকে এই উদ্যোগে অংশগ্রহণে সক্রিয়ভাবে উৎসাহিত করছে।

আরও