এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী ৩ নভেম্বর থেকে ৪২ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁসের গুজব এড়াতে এবং নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা আয়োজনে এমন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী ৬ নভেম্বর থেকে সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষা উপলক্ষে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি জানান, চলতি বছর সারাদেশে ৯টি শিক্ষাবোর্ডের অধীনে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। দেশের ২ হাজার ৬৪৯টি পরীক্ষাকেন্দ্রে ৯ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২২ ডিসেম্বর। অর্থাৎ ৩৭ দিনেই শেষ হবে এইচএসসির লিখিত পরীক্ষা। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী চলতি বছরের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে তা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেয়া হবে।