মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকায় গত কয়েকদিন ধরে ঝরছে বৃষ্টি। এর প্রভাব পড়েছে এ শহরের বাতাসে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৬৮। এর ফলে দূষিত বাতাসের শহরের তালিকার আজ ৩০তম স্থানে রয়েছে ঢাকা। এই হিসাব অনুসারে আজ ঢাকার বাতাসের মান 'মাঝারি' বা 'সহনীয়' পর্যায়ে রয়েছে।
গতকাল একই সময়ে একিউআই স্কোর ৯০ নিয়ে ২৪তম স্থানে ছিল ঢাকা। গত দুই দিনই ঢাকার বাতাস ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ হয়ে ওঠার প্রায় কাছাকাছি চলে গিয়েছিল। সেখান থেকে আজ বেশ কিছুটা উন্নতি হয়েছে।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের সূচক বলছে, টানা কয়েকদিন শীর্ষে থাকার পর আজ দূষিত শহরের তালিকার দ্বিতীয় স্থানে নেমেছে কঙ্গোর কিনশাসা। একই সময়ে শহটির একিউআই স্কোর ছিল ১৭৪। কিনশাসাকে হটিয়ে এ সময় শীর্ষে অবস্থান করছিল মিসরের কায়রো, শহরটির স্কোর ছিল ২৩০। এ ছাড়া ১৬৩ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।