রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে সাঁতরে পার হতে গিয়ে দীপেন চাকমা (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ বুধবার (৪ জুন) দুপুর ১২টার দিকে জেলা শহরের রাজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দীপেন চাকমা রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তার বাড়ি রাজবাড়ি এলাকার চক্রপাড়ায়।
দীপেনের দাদা সঞ্চয় চাকমা জানান, দুপুরে দীপেন রাজবন বিহারের ঘাট থেকে বোটে করে চক্রপাড়ায় যাওয়ার জন্য অপেক্ষা করছিল। কিন্তু বোট আসতে দেরি হলে সে তার তিন বন্ধুর সঙ্গে সাঁতরে পার হওয়ার চেষ্টা করে। হ্রদের মাঝপথে গিয়ে দীপেন ডুবে যায়। এরপর থেকে সে নিখোঁজ। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। স্থানীয়রাও জাল টেনে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নুরুল হুদা বলেন, আমাদের ডুবুরি দল মঙ্গলবার খাগড়াছড়িতে উদ্ধার অভিযানে গিয়েছে। তারা এখনো ফিরে আসেনি। আমরা চট্টগ্রামের ডুবুরি দলকে খবর দিয়েছি। তারা এসে পৌঁছালে উদ্ধার কাজ শুরু হবে।