আবহাওয়াজনিত পরিস্থিতি ও ঝুঁকি বিবেচনায় বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ ও পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞার মেয়াদ আরো পাঁচদিন অর্থাৎ আগামী ১৫ তারিখ পর্যন্ত বাড়িয়েছে জেলা প্রশাসন। শুক্রবার রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এ সংক্রান্ত এক জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
এতে বলা হয়, সম্প্রতি বান্দরবান জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়াজনিত এ পরিস্থিতি ও ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সর্বসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত গল্পে গত ৮ তারিখ জারি করা গণবিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে বান্দরবান জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। একই সময়ে জেলার সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদী পথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনসহ জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।