চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও আবু তাহের খোকনের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পুলিশ ১৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরো বলেন, গত রোববার আমিনুল ইসলামের এক সমর্থককে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এর জেরেই আমিনুলের সমর্থকরা আজ তুহিন-খোকনের সমর্থকদের ওপর হামলা করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে তুহিন-খোকনের সমর্থকরা বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয় জনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক নয় বলে দাবি করেছেন দুই পক্ষের নেতারা। সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়। স্থানীয় বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। একই দাবি করেন বিএনপি নেতা আবু তাহের খোকনও।