পঞ্চগড়ে বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার

বিকেলে জয়ধরভাঙ্গা এলাকায় পাঙ্গা নদীতে ঝাঁপ দিলে সেখান থেকে নীলগাইটিকে ধরে বেঁধে রাখেন তারা। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে বিলুপ্তপ্রায় একটি নীলগাই উদ্ধার করা হয়েছে। বুধবার ( ৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগ।

স্থানীয়রা জানান, বিকেলে জয়ধরভাঙ্গা এলাকায় পাঙ্গা নদীতে ঝাঁপ দিলে সেখান থেকে নীলগাইটিকে ধরে বেঁধে রাখেন তারা। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পঞ্চগড় বন বিভাগের কর্মীরা গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে প্রাণীটিকে বন বিভাগের একটি কক্ষে রাখা হয়।

জয়ধরভাঙ্গা এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ‘নদীপাড়ে বসে ছিলাম। দেখলাম, কয়েকজন মানুষ একটি গরুর মতো দেখতে প্রাণীকে ধাওয়া করছেন। একপর্যায়ে সেটি নদীতে লাফ দিলে তারা ধরে ফেলেন।’

তনজিনা বেগম ও বছির উদ্দিন নামে আরো দুইজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘এমন প্রাণী আমরা আগে কখনো দেখিনি। পরে শুনলাম এটা নীলগাই।’

এ বিষয়ে সামাজিক বন বিভাগ, পঞ্চগড় কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, ‘নীলগাইটির গায়ে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি এটি কাঁটাতারের বেড়া ভেঙে ভারতে থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। স্থানীয়দের কাছ থেকে আমরা সেটিকে উদ্ধার করে চিকিৎসা দিচ্ছি। সুস্থ হলে গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হবে।’

তিনি আরো বলেন, ‘নীলগাই একটি বিলুপ্তপ্রায় ও ভীতু স্বভাবের বন্যপ্রাণী। মানুষ দেখলে ভয় পায়। এটি সম্ভবত দুই থেকে আড়াই বছরের একটি মাদি (মেয়ে) নীলগাই।’

আরও